Logo
প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ৮:১৮ AM || প্রকাশের তারিখঃ ১৪ মে, ২০২৬, ৯:৪৭ PM

গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

News Image

গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত নতুন সংগঠন “গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন”-এর পরিচিতি সভা ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে প্রেসক্লাব গোপালগঞ্জ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন। সঞ্চালনায় ছিলেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম রেজা।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার। অনুষ্ঠানে প্রথমে সভাপতি হিসেবে শৈলেন্দ্রনাথ মজুমদার ও সাধারণ সম্পাদক হিসেবে পলাশ শিকদারের নাম ঘোষণা করা হয়। পরে ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টনের পাশাপাশি ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ, ৮ সদস্যের কার্যনির্বাহী কমিটি ও ২৭ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের ভারপ্রাপ্ত মহাসচিব শরিফুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালি, গোপালগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফুল হক আরিফ এবং গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ.জেড আমিনুজ্জামান রিপনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে জেলার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতেও কাজ করবে এ সংগঠন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে অতিথি ও সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।